বড় উত্থানেও লেনদেন, খরায় শেয়ারবাজার
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়। এতে এক সপ্তাহেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫৯ পয়েন্ট কমে যায়। আর বাজার মূলধন কমে ২০ হাজার ৪১৩ কোটি টাকা। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববারও শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। এতে একদিনে ডিএসইএক্স সূচক আরও ২৩১ পয়েন্ট কমে যায়।
এমন পতনের পর গতকাল সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়।
