ইস্টার্ন ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে। অনুষ্ঠানে কর্মক্ষেত্র ও সমাজে নারীদের সাফল্য, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানকে সম্মাননা জানানো হয়। ব্যাংকের বিভিন্ন স্তরের নারী এমপ্লয়িরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও চারজন বিশিষ্ট নারী পেশাজীবী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা হলেন- প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শুমেইলা হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান ইবিএলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘যোগ্য নারী পেশাজীবীদের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে ইবিএল এর প্রচেষ্টা প্রশংসনীয়। নারী ব্যাংকাররা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন এমন একটি পরিবেশ এবং সুযোগ তৈরি করার জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ জাতীয় উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্পোরেট কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
