১৮ মার্চ ব্যাংক বন্ধ পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট কিছু এলাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে সীমিত পরিসরে চালু রাখা হবে ব্যাংকিং কার্যক্রম। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে ১৮ ও ১৯ মার্চ সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
