কটন বর্জ্য গবেষণায় ১.৫ কোটি টাকার অনুদান পেল বিইউএফটি গবেষণা দল
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর একটি গবেষণা দল, প্রফেসর ড. আব্দুল জলিলের নেতৃত্বে, ১ কোটি ৫০ লাখ টাকার প্রতিযোগিতামূলক গবেষণা অনুদান অর্জন করেছে। অনুদানটি প্রদান করা হয়েছে বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড রিসার্চ ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (BIRDI) কর্মসূচির আওতায়, যা স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর অংশ। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত বছরের আগস্টে প্রকাশিত ইওজউও সার্কুলারের প্রেক্ষিতে বিইউএফটি গবেষণা দল একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) জমা দেয়। এ আহ্বানে সারাদেশ থেকে মোট ১৩২টি গবেষণা প্রস্তাব জমা পড়ে, যার মধ্যে কঠোর কারিগরি ও বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে মাত্র ১২টি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে বিইউএফটির প্রকল্পটি স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান গবেষণা সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ। নির্বাচিত প্রকল্পটির শিরোনাম ‘Sustainable Valorization of Cotton Waste into High-Value Cellulose-Based Products for Green Industrial Applications’ এই গবেষণার লক্ষ্য হলো বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে উৎপন্ন বিপুল পরিমাণ কটন বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্ব্যবহার করে উচ্চমূল্যের পরিবেশবান্ধব উপকরণে রূপান্তর করা। ফ্যাব্রিক কাটিং স্ক্র্যাপ, স্পিনিং বর্জ্য ও কটন কনসহ সেলুলোজসমৃদ্ধ বিভিন্ন কটন বর্জ্য, যা সাধারণত কমমূল্যের কাজে ব্যবহৃত হয়, তা আধুনিক উপকরণ বিজ্ঞানের মাধ্যমে মূল্যবান শিল্প উপকরণে রূপান্তর করা হবে। ১২ মাস মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়িত হবে বিইউএফটির গবেষণা অবকাঠামোর মাধ্যমে এবং এতে শিল্প সহযোগী হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষ স্থানীয় ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাশা ডেনিম পিএলসি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
