কর প্রশাসনের সদস্য হলেন আহসান হাবিব
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আয়কর প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অণুবিভাগের সদস্য হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেলের (সিআইসি) সাবেক মহাপরিচালক আহসান হাবিবকে। বর্তমান সদস্য জিএম আবুল কালাম কায়কোবা অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ১৫ ব্যাচের আহসান হাবিব। গতকাল রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনবিআর। আদেশে আহসান হাবিব ছাড়াও সদ্য পদোন্নতিপ্রাপ্ত আরেক সদস্য আবুল কালাম আজাদের দপ্তর বণ্টন করা হয়েছে। সদ্য যোগদানকৃত এই কর্মকর্তাকে ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য করা হয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আহসান হাবিব সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অলিগার্কদের কর ফাঁকি অনুসন্ধান শুরু করে আলোচনায় আসেন। কর অঞ্চল-১৫ এর কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় এস আলম গ্রুপের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন তিনি। পরবর্তী সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি কর্পোরেট গ্রুপসহ অলিগার্কদের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েকশ কোটি টাকা কর আদায় করেন
