চীনে এলএনজি সরবরাহে চুক্তির শর্ত নাও মানতে পারে কাতার!

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

এমনিতেই ইরানের সঙ্গে সখ্যতা ও তাদের প্রযুক্তি সরবরাহসহ নানা অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এবার দেশটির পাশাপাশি ইতালি, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণা করেছে কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা কাতারএনার্জি। ফোর্স মাজুর যে কোনো চুক্তিতে এমন একটি আইনি ধারা, যা অনুযায়ী সরবরাহকারীরা সরবরাহের আগে নির্ধারিত সূচিসহ বেশ কিছু শর্ত মানতে আর বাধ্য থাকবে না। গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্বালানি উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তার মধ্যেই সংস্থাটির পক্ষ থেকে এমন ঘোষণা এলো। খবর আল জাজিরার।

দীর্ঘমেয়াদি তেল ও গ্যাস সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা ছাড়াই বিভিন্ন শর্ত ভঙ্গ করতে পারে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণাকারী বা সরবরাহকারী পক্ষ। গত সপ্তাহে, কাতারএনার্জির সিইও সাদ আল-কাবি বলেন, কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্রে ইরানের হামলায় দেশটির এলএনজি সরবরাহ সক্ষমতার ১৭ শতাংশ নষ্ট হয়ে গেছে। এতে করে কাতারের বার্ষিক ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে এবং ইউরোপ ও এশিয়ায় সরবরাহ হুমকির মুখে পড়তে পারে।