মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপশাখা উদ্বোধন ও র‌্যালি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের গাংনী শাখার অধীন সাহারবাটি বাজার উপশাখা গতকাল সোমবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাহারবাটি বাজার উপশাখার কার্যক্রম চালুর মাধ্যমে স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকগণ রেমিট্যান্স সেবাসহ এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন, যা এলাকার সার্বিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি