দৈনিক রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে মানি মার্কেটের জন্য প্রথমবারের মতো কার্যকর রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ এপ্রিল থেকে প্রতিদিন দুটি পৃথক রেফারেন্স রেট প্রকাশ করা হবে, যা সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে ব্যবহৃত হবে। গতকাল সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য- বিশেষ করে ডেরিভেটিভসসহ নানা আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণে একটি নির্ভরযোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য বেঞ্চমার্ক রেটের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় প্রকৃত আন্তব্যাংক লেনদেনের ভিত্তিতে প্রতিদিন দুটি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। এর একটি হলো- Bangladesh Overnight Financing Rate (BOFR), যা রিস্ক-ফ্রিভিত্তিক লেনদেন প্রতিফলিত করবে। অন্যটি Dhaka Overnight Money Market Rate (DOMMR), যা আনসিকিউরড আন্তব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।