দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবার বাড়ল স¦র্ণের দাম। গতকাল মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে স্বর্ণের দাম আবার ভরিপ্রতি আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়। তখন ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স¦র্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
মূল্যবৃদ্ধির আগপর্যন্ত স্বর্ণের দাম ছিল এ রকম : ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়; ২১ ক্যারেটের ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা; ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
গোল্ডপ্রাইস তথ্যানুযায়ী, গতকাল এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৮২৭ ডলার। সর্বশেষ যখন স্বর্ণের দাম সমন্বয় করা হয়, তার চেয়ে দাম এখন আউন্সপ্রতি ৮০ ডলার বেশি। এর পরিপ্রেক্ষিতে আজ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলো। সামগ্রিকভাবে গত ৩০ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১৭৭ ডলার কমেছে। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর কারণ হলো, স্বর্ণের দাম এমনিতেই বাড়তি। ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
এদিকে আজ রুপার দামও বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এর আগে ২২ ক্যারেটের রুপার দাম ছিল ভরিপ্রতি ৫ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ আজ রুপার দাম বেড়েছে ভরিতে ৩৫০ টাকা। গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।
