জ্বালানির মূল্যবৃদ্ধিতে ট্রাকের ভাড়া বেড়েছে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধিতে যশোরে দুই দফায় ট্রাকের ভাড়া বেড়েছে। জেলার বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে ঢাকাসহ সারা দেশে সবজি পাঠাতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

বারীনগর থেকে ৩ টন ধারণক্ষমতার ট্রাকে ৮ থেকে ১০ টন সবজি ঢাকায় নেওয়া যায়। জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার আগে ৩ টন ধারণক্ষমতার এক ট্রাক সবজি ঢাকার কারওয়ান বাজারে পাঠাতে ভাড়া গুনতে হতো ১২ হাজার টাকা। জ্বালানি তেলের সংকট শুরু হলে ৩ হাজার টাকা বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করেন ট্রাকমালিকেরা। এরপর গত রোববার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া আরও দুই হাজার টাকা বাড়ানো হয়। গত এক মাসে ট্রাকভাড়া পাঁচ হাজার টাকা বেড়েছে।

ব্যাপারী আতিয়ার রহমান আজ সোমবার সাত হাজার কেজি পটোল একটি ট্রাকে করে ঢাকার যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারে পাঠান। ট্রাকভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি তেলের সংকটের আগে ১২ থেকে ১৫ হাজার টাকায় বারীনগর থেকে ঢাকায় সবজি পাঠানো গেছে। সংকট শুরু হলে ট্রাকপ্রতি ৪ থেকে ৫ হাজার টাকা বাড়িয়ে ১৭ থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করেন ট্রাক মালিকেরা। এখন আবার কত ভাড়া বাড়বে, তার ঠিক নেই।

বারীনগর পাইকারি মোকাম থেকে ঢাকায় সবজি পরিবহন করা ট্রাকের মালিক শেখ সাইরাস বলেন, ‘জ্বালানি তেলের সংকটের আগে আমার ৩ টন ধারণক্ষমতার ট্রাকের ভাড়া ছিল বারীনগর থেকে ঢাকা পর্যন্ত ১২ হাজার টাকা। এরপর সংকট শুরু হলে ৩ হাজার টাকা বাড়িয়ে ১৫ হাজার করা হয়। এরপর গতকাল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আরও দুই হাজার টাকা বাড়ানো হয়। আজ ২০ এপ্রিল ১৭ হাজার টাকা ভাড়ায় বারীনগর থেকে ঢাকায় গিয়েছি।’

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, যশোরের বারীনগর সবজির মোকাম থেকে আজ ১০ ট্রাক সবজি ঢাকা, বরিশাল, ভোলা, শরীয়তপুর, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। সপ্তাহের হাটের দিনে ২০ থেকে ৩০ ট্রাক সবজি পাঠানো হয়।