চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জ্বালানিবাহী ৩ ট্যাংকার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল ১ লাখ টনেরও বেশি ডিজেল ও অকটেন বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) ফারজিন হাসান মৌমিতা বলেন, ‘জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় রয়েছে। সেগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, এ জাহাজগুলো থেকে জ্বালানি খালাসের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে। বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, জ্বালানিবাহী ট্যাংকারগুলোর মধ্যে এমটি লিয়ান সং হু প্রায় ৪১ হাজার টন ডিজেল এবং এমটি প্যাসিফিক ইন্ডিগো প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে এবং এমটি নাভ সিয়েলো প্রায় ২৭ হাজার টন অকটেন নিয়ে তাইওয়ান থেকে এসেছে।