ডিএসইতে লেনদেন বাড়লেও অধিকাংশ শেয়ারের মূল্য হ্রাস
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ শেয়ারের মূল্য হ্রাস পয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল বাজারে মোট ৩৯৫টি কোম্পানির ৩৩ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ ৯ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৬ দশমিক ৪২ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৪ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এনসিসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, তৌফিকা ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইডস, খান ব্রাদার্স পিপি ও জিকিউ বলপেন।
