কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিমণ্ডঅধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। গতকাল বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইতোমধ্যে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে জাকার্তা। বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ায় তুমুল বিতর্ক চলছে।

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটালমন্ত্রী মেউতিয়া হাফিদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখা। আমরা জানতে পেরেছি, তাদের অনেকেই এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে।’ তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। মার্চে ‘অ্যাপ-আসক্ত’ ইন্দোনেশীয় কিশোর কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধের উদ্যোগ নেয় ইন্দোনেশিয়া। এবার এলো ই-কমার্স অ্যাপ নিষিদ্ধের উদ্যোগ। ১৬ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ইন্দোনেশীয় কিশোর-কিশোরীদের অনলাইন পর্নোগ্রাফি, সাইবার বুলিইং ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখাই ছিল এর উদ্দেশ্য। গত বছরের ডিসেম্বরে এ ধরনের নীতি চালু করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে অস্ট্রেলিয়া।