টানা দুই দিন বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গতকাল আবারও বাড়ল স্বর্ণের দাম। এ নিয়ে টানা দুই দিন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত বুধবার স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে এর আগে একাধিকবার স্বর্ণের দাম কমানো হয়েছে।
স্বর্ণের নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। গতকাল মূল্যবৃদ্ধির আগে স্বর্ণের দাম ছিল এ রকম-২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
গতকাল স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। আজ সকাল পর্যন্ত দাম ছিল ৫ হাজার ৬৫৭ টাকা। ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭০ শতাংশ বেড়েছে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে স্বর্ণের দাম বাড়েনি; বরং কমেছে।
গত ৩০ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬৭ ডলার কমেছে। তবে কয়েক দিন ধরে স্বর্ণের দাম কিছুটা বাড়ছে, সে কারণেই দেশের বাজারে টানা দুই দিন স্বর্ণের দাম বাড়ানো হলো।
নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইতিমধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১৭ ডলার বেড়েছে। স্বর্ণের দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার। যদিও চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল।
এখন কয়েক দিন ধরে স্বর্ণের দাম বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।
