বিমার দাপটের দিনে পতনে শেয়ারবাজার
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানি। তবে অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। লেনদেনের প্রথম ঘণ্টা পার হওয়ার পর দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে বিমা খাতের কোম্পানিগুলো। বিমা কোম্পানিগুলো দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকলে বিপরীত পথে হাঁটতে থাকে অন্য খাতের প্রতিষ্ঠানগুলো। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। ফলে বিমার দাপটের দিনে একদিকে দাম কমার তালিকা বড় হয়, অন্যদিকে মূল্য সূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯৮টির। আর ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ৪২টি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ১৪টির দাম কমেছে। আর ২টির অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির শেয়ার দাম বেড়েছে।
