পিপিপি পদ্ধতিতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গতকাল বৃহস্পতিবার। সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বেজা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ‘Guidelines for Development of Renewable Energy Projects using Land Owned by Government Agencies under PPP Modality, 2026’-এর আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের প্রথম পিপিপি পদ্ধতিতে সরকারি জমিভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাই ও ফেনী অঞ্চলে বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ফেনী জেলার সোনাগাজী উপজেলায়) বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমিতে একটি বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি সরকারি অব্যবহৃত জমিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের একটি যুগান্তকারী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন গাইডলাইন অনুমোদন করে। এর আগে গত বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে নীতিগত অনুমোদন প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি