
গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক ড. হরিকুমার পাল্লাথাডকা। তিনি অধ্যাপক ড. মো. হাকিকুর রহমানের হাতে পিএইচডি সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইএসইউ উপাচার্য বলেন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষাকে আইএসইউ সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। গবেষণাভিত্তিক শিক্ষা একটি জাতির উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি বলেও তিনি উল্লেখ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি