সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধিতে বিপিপির নতুন পরিপত্র জারি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) নতুন পরিপত্র জারি করেছে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র দরপত্র ব্যবস্থাপনায় অস্বাভাবিকভাবে কম দর প্রদানের প্রবণতা রোধে এ নতুন পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, যদি কোনো দরদাতার প্রস্তাবিত মূল্য অস্বাভাবিকভাবে কম বলে প্রতীয়মান হয়, তবে সেই দরদাতার কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য সংগ্রহ করতে হবে। একই সঙ্গে তার আর্থিক সক্ষমতা, কারিগরি দক্ষতা, পূর্ব অভিজ্ঞতা ও কাজ বাস্তবায়নের সক্ষমতা যাচাই করতে হবে। এর মাধ্যমে শুধু কম দামের ভিত্তিতে কাজ প্রদান না করে, সামগ্রিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন সরকারি সংস্থার ক্রয় কার্যক্রমে অনেক সময় দরদাতারা অস্বাভাবিকভাবে কম মূল্য উল্লেখ করে দরপত্র জমা দেন। এর ফলে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, নিম্নমানের কাজ কিংবা অতিরিক্ত ব্যয়ের মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে নির্মাণ ও অবকাঠামোগত প্রকল্পগুলোতে এই ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
