ব্যাংকের কর্মশালায় অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশ-বিদেশে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মশালায় নিজেদের কর্মীদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘স্বার্থের সংঘাত’ এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে বলা হয়েছে। এতে মোট চারটি সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে।
প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশ-বিদেশে আয়োজিত কোনো কর্মশালাতে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না।দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সেবা নেওয়া অথবা বাংলাদেশ ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ বা সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন না।
তৃতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনা সভায় মানবসম্পদ বিভাগের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন, তবে কোনো সম্মানী নিতে পারবেন না। আর চতুর্থ সিদ্ধান্ত হিসেবে অফিস আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে সংঘাত হয়, এমন সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে আয়োজক সংস্থার সম্মানির বিনিময়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো।
