ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। দেশটির নতুন তেল-বিষয়ক মন্ত্রী বাসিম মোহাম্মেদ এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এপ্রিল মাসে হরমুজ প্রণালি হয়ে ইরাক মাত্র ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে। অথচ ইরান যুদ্ধের আগে প্রতি মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় তেল রপ্তানি কমে গেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে।

মন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি এখন খুবই সীমিত। তেলবাহী জাহাজের আগমনের ওপর এটি নির্ভর করছে। কিন্তু বীমা জটিলতার কারণে অনেক ট্যাংকার সেখানে প্রবেশ করছে না।’

তিনি আরও জানান, বর্তমানে ইরাক দৈনিক ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। এদিকে, বাগদাদ সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে সমঝোতার পর মার্চ মাসে কিরকুক-জেইহান তেল পাইপলাইন দিয়ে আবার তেল রপ্তানি শুরু হয়েছে। বসিম মোহাম্মদ বলেন, ‘আমরা তুরস্কের জেইহান বন্দর দিয়ে বর্তমানে দৈনিক ২ লাখ ব্যারেল তেল রপ্তানি করছি। এটি বাড়িয়ে ৫ লাখ ব্যারেলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’