ঈদের ছুটিতে সীমিত আকারে চালু থাকবে আমদানি-রপ্তানি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত রোববার এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, চলতি মে মাসের ২৫ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে বন্দরে যেন কোনো ধরনের পণ্যজট সৃষ্টি না হয় এবং দেশের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় থাকে, মূলত সেই লক্ষ্যেই এনবিআর এই বিশেষ উদ্যোগ নিয়েছে।