দেড় মাসে তলানিতে স্বর্ণের বাজার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এর আগে লেনদেনের শুরুর দিকে মূল্যবান এ ধাতুর দাম কমে গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির শঙ্কা এবং উচ্চ সুদের হারের কারণে বন্ডের ফলন (ইয়াল্ড) বেড়ে যাওয়ায় স্বর্ণের দামের এ বড় উত্থান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

গতকাল সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৯:০৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৪৬.০৪ ডলারে। এর আগে আজকের সেশনেই স্বর্ণের দাম কমে গত ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, আগামী মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বাজার দর ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৫৪৯.৭০ ডলারে।

ট্রেডিং প্ল্যাটফর্ম ‘ট্রেডু ডটকম’ এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জ্যাবৌরাস বলেন, স্বর্ণের দামের এ পতন সাময়িক ও বাজার কাঠামোগত। বাজার এখনও স্বর্ণকে মন্দাভাবের (বেয়ার মার্কেট) দিকে ঠেলে দিতে প্রস্তুত নয়, কারণ স্বর্ণের কাঠামোগত ভিত্তি এখনও শক্তিশালী। আর এটিই বাজারে দাম ধরে রাখতে সহায়তা করছে।

তবে তিনি আরও যোগ করেন, বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায়, চলতি বছরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় বাতিল করে দিয়েছে। উল্টো সুদের হার আরও বাড়ানোর বাজি ধরছেন বিনিয়োগকারীরা। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হারের এ প্রবণতা স্বর্ণের মতো অ-ফলনশীল (যেখান থেকে নিয়মিত সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না) সম্পদের ওপর সরাসরি আঘাত হানছে।

গতকাল টোকিও থেকে নিউইয়র্ক- সবখানেই বন্ডের বাজারে লোকসানের ধারা অব্যাহত রয়েছে।