ট্রাম্পের ঘোষণার পর কমল তেলের দাম
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর গতকাল মঙ্গলবারের জন্য পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিতের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে ১০৯ ডলারে আসে। খবর বিবিসির। এর আগে গত সোমবার সারাদিনজুড়ে তেলের দামে বড় ওঠানামা দেখা যায়। সপ্তাহান্তে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে শান্তি আলোচনায় অগ্রগতি বা অচলাবস্থার যেকোনো খবরেই তেলের বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে।
