সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে উত্থান বেড়েছে লেনদেনও
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। পাশাপাশি ঢাকায় এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকা নাম লেখায়। লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, বিপরীতে কমেছে ৯৩টির আর ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ার ওই ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করছে। এক্সচেঞ্জটিতে মোট ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। গতকাল এই বাজারে মোট ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬ কোটি ৫৫ লাখ টাকা।
