ব্র্যাক ব্যাংক-বিবিডিএন-টিবিএস গোলটেবিলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘ডেটা ম্যাটার্স : নাম্বার্স অ্যান্ড এভিডেন্স আর কি টু আ ডিজঅ্যাবিলিটি-ইনক্লুসিভ সোসাইটি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। এমন একটি সময়ে এই আলোচনার আয়োজন করা হলো, যখন বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নীতি নির্ধারণের জন্য সঠিক তথ্য খুঁজছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিতা নিশ্চিত করার জন্য তথ্য ও প্রমাণভিত্তিক উদ্যোগ কতটা জরুরি- গোলটেবিলে এই বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় গত ২০ মে ২০২৬ তারিখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই প্রাণবন্ত আলোচনার আয়োজন করে। মূলত অর্থপূর্ণ আলোচনার সূচনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। গোলটেবিল বৈঠকে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সবসময় বিশ্বাস করতেন, বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই; অভাব শুধু সুযোগের। সেই বিশ্বাসই আমাদের ব্যাংকের ডিএনএ-তে মিশে আছে। এটিই আমাদের সব বাধা ভেঙে সবার জন্য সুযোগ তৈরি এবং মেধা বিকাশের পথ সুগম করতে অনুপ্রাণিত করে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি আমাদের জন্য প্রান্তিক বা গৎবাঁধা কোনো বিষয় নয়, বরং এটিকে আন্তরিকতার সঙ্গে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
