সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রপ্তানি আয়ে পোশাক খাতে নির্ভরতা কমাতে অন্যান্য পণ্যের বিক্রি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল রোববার সচিবালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে বাণিজ্যমন্ত্রী এ ইচ্ছা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের রপ্তানি এখনও তৈরি পোশাক খাতনির্ভর। তবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে। ‘এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা থেকে বেরিয়ে খাতভিত্তিক পরিকল্পনা নিতে হবে।’ মন্ত্রী বলেন, ‘কোন খাতে কী ধরনের সহায়তা প্রয়োজন, কোথায় নীতিগত সহায়তা দরকার এবং কোথায় আর্থিক বা খাতভিত্তিক সহযোগিতা দরকার— এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
প্রবাসী কর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিদেশে কাজ করতে যাওয়া মানুষ অনেক ত্যাগ স্বীকার করেন। তাদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ব্যক্তি, পরিবার ও দেশ- সবাই উপকৃত হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ বাংলাদেশের জন্য বড় সম্পদে পরিণত হতে পারে।’
বৈঠকে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, ‘সৌদি আরবের বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার জন্য বড় ধরনের রপ্তানি ও বাণিজ্য সম্ভাবনা রয়েছে। সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ২০২৭ সালের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।’
প্রতিনিধিদলের দলের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং বিশ্বকাপ সামনে রেখে শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গ্রিন টেকনোলজি, পরিবেশ, মরুভূমি বনায়ন, কৃষি ও খাদ্য খাত এবং ক্ষুদ্রঋণের মতো খাতে বাংলাদেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের তথ্য বলছে, দেশ দুটির মধ্যে দুই বিলিয়ন ডলারের আশপাশে হয়ে থাকে আমদানি-রপ্তানি। এর মধ্যে সিংহভাগেই রপ্তানি। ২০২০-২৫ সালের মধ্যে দেখা যায়, বাংলাদেশ থেকে সৌদি আরবে রপ্তানির পরিমাণ ২৪১ মিলিয়ন ডলার থেকে ৩১১ ডলারের মধ্যে ওঠানামা করেছে। এরমধ্যে ২০২৩ সালে প্রবৃদ্ধি আসেনি। বাকি বছরগুলোতে প্রবৃদ্ধি ছিল।
