ভারতের শেয়ারবাজার থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ধারা টানা কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে। মে মাসেও সেই ধারা থামেনি। দেশটির ইক্যুইটি বাজার থেকে মে মাসে ৩২ হাজার ৯৬৩ কোটি রুপি তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই)।

ভারতের ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তিন মাস ভারতের শেয়ারবাজারে নিট বিক্রেতার ভূমিকায় আছেন বিদেশি বিনিয়োগকারীরা। অর্থাৎ তারা যত শেয়ারে বিনিয়োগ করছেন, তার চেয়ে বেশি তুলে নিচ্ছেন।

এনএসডিএলের তথ্য বলছে, এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে ৬০ হাজার ৮৪৭ কোটি রুপি তুলে নেন। মার্চ মাসে এই অঙ্ক ছিল ১ লাখ ১৭ হাজার ৭৭৫ কোটি রুপি, এখন পর্যন্ত যা এক মাসে সর্বোচ্চ। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, বিদেশি বিনিয়োগকারীরা টানা তিন মাস বিনিয়োগ প্রত্যাহার করলেও তার পরিমাণ ধীরে ধীরে কমছে। এর আগে জানুয়ারি মাসে ভারতের বাজার থেকে ৩৫ হাজার ৯৬২ কোটি রুপি তুলে নেওয়া হয়েছিল। অবশ্য ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা উল্টো ২২ হাজার ৬১৫ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। সব মিলিয়ে চলতি বছরে ভারতের শেয়ারবাজার থেকে নিট ২ লাখ ২৪ হাজার ৯৩২ কোটি রুপি বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভারতের জিওজিত ইনভেস্টমেন্টসের গবেষণা প্রধান ভি কে বিজয়কুমার বলেন, সম্প্রতি বাজারে উল্লেখযোগ্য প্রবণতা দেখা যাচ্ছে। বাজারে দরপতন হলে বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝুঁকছেন, আবার দর বাড়লে মুনাফা তুলে নিচ্ছেন। তাঁর মতে, এ প্রবণতার পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা থাকতে পারে।

তবে খুচরা বিনিয়োগকারীদের এ পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ সরে যাওয়ার এ প্রবণতার পেছনে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।