ঈদের মাসেও নগদে রেকর্ড লেনদেন
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার মাসেও রেকর্ড লেনদেন হয়েছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে। সদ্যবিদায়ী মে মাসে সব মিলিয়ে নগদে ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে নগদে সর্বোচ্চ লেনদেনের রেকর্ডটি ছিল ৪১ হাজার ৪৬৯ কোটি টাকার, সেটি ছিল মার্চে। গতকাল সোমবার নগদের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নগদ জানিয়েছে, গত মাসে রেকর্ড লেনদেনের পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড হয়েছে। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে ২৬ মে। ওই দিন ২ হাজার ১৭৭ কোটি টাকার লেনদেন হয়। এর আগে ২৪ মে সর্বোচ্চ ২ হাজার ১৬২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে ক্যাশ ইন, ক্যাশ আউট, প্রবাসী আয়, বিভিন্ন পরিষেবা বিল প্রদান, মুঠোফোন রিচার্জ, কেনাকাটার বিল প্রদানসহ নানা খাতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক লেনদেনে।
এসব লেনদেনের পাশাপাশি নগদের মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা বিতরণ করা হয়।
নগদের এই রেকর্ড লেনদেনের বিষয়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমন কিছু সেবা আছে, যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। নগদে যেহেতু খরচ কম, তাই দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়।
দেশে বিদ্যমান মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগদ সবচেয়ে কম টাকায় ক্যাশ আউটের সুযোগ দিচ্ছে। এ ছাড়া অন্যান্য সেবা, যেমন টাকা পাঠানো ফ্রি এবং নগদের মাধ্যমে প্রবাসী আয় গ্রহণ করলে গ্রাহকের সবচেয়ে বেশি লাভ হয়। তাই নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এ কারণে লেনদেনের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ।
