মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও কমেছে স্বর্ণের দাম
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতির কারণে মূল্যবান ধাতুটির দামে পতন হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় রাত ১১.২৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৪৮৯.৩৪ ডলারে নেমে এসেছে। গত শুক্রবার এটি দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ১.৯ শতাংশ কমে ৪,৫০৬.৩০ ডলারে বন্ধ হয়েছে।
এদিকে মার্কিন ডলারের মূল্য শক্তিশালী হওয়ায় ডলারে মূল্য নির্ধারিত ধাতুগুলো অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘সুদের হার দীর্ঘ সময় উচ্চ অবস্থায় থাকবে-এমন প্রত্যাশা স্বর্ণের ওপর চাপ বজায় রাখবে। তবে যদি বন্ডের ফলন বৃদ্ধি থামে এবং সুদের হার স্থিতিশীল বা নিম্নমুখী হতে শুরু করে, তাহলে পরিস্থিতি বদলাতে পারে। ইরান জানিয়েছে, সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘দ্রুতগতিতে’ চলমান রয়েছে।
এদিকে তেলের দাম বেড়েছে, যা ইরান সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা আরও জোরালো করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। উচ্চ সুদের হারের পরিবেশে এর আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ কোনো সুদ বা আয় প্রদান করে না।
