বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তেহরানে মার্কিন হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৮ মে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে পৌঁছায়। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ৯১ ডলারের কাছাকাছি উঠে যায়।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশায় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জল্পনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ায় সেই পরিস্থিতি পাল্টে গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে তেহরানের অভিযোগ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।