ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের (এনপিএল) হার কিছুটা কমলেও প্রকৃত উন্নতি নয়, বরং ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন ও রাইট-অফের মতো পদক্ষেপের মাধ্যমে প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি: উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব তথ্য উপস্থাপন করেন।
প্রবন্ধ উপস্থাপনকালে ফাহমিদা বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয়; বরং কাঠামোগত দুর্বলতাগুলো এখনো রয়ে গেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের হার ছিল ৩৫.৭ শতাংশ, যা ২০২৬ সালের মার্চে কমে ৩২.২৬ শতাংশে নেমে আসে। তবে এই হ্রাসকে প্রকৃত অর্থে সম্পদ মানের উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এবং রাইট-অফের মতো ব্যবস্থা ব্যাংকগুলোর প্রকৃত স্বাস্থ্যকর আড়াল করেছে।
ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে এসে দেখা যাচ্ছে আর্থিক খাত, সামাজিক খাত এবং উৎপাদনশীল খাত নানা ধরনের চাপের মধ্যে রয়েছে।
