নিরাপদ পোলট্রি উৎপাদনের কৌশল নিয়ে ওয়েবিনার
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ায় নিরাপদ, টেকসই ও সহনশীল পোলট্রি উৎপাদন নিশ্চিত করতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির গুরুত্ব তুলে ধরে একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) আঞ্চলিক সংস্থা সার্ক কৃষি কেন্দ্র।
গতকাল সোমবার অনুষ্ঠিত ‘ওয়ান হেলথ পদ্ধতির আলোকে নিরাপদ পোলট্রি উৎপাদন’ শীর্ষক এ ওয়েবিনারে সার্ক অঞ্চলের গবেষক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি খাতের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, নিরাপদ পোলট্রি উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তাই নয়, জনস্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করার মাধ্যমে ওয়ান হেলথ পদ্ধতি বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
