ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের বিকাশে ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
এ তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ ও বিনিয়োগ সুবিধা পাবেন। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে ৪ শতাংশ হারে সুদ বা মুনাফা পরিশোধ করবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, সিএমএসএমই খাত শ্রমনিবিড় ও স্বল্প পুঁজি নির্ভর হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রয়োজনীয় চলতি মূলধনের ঘাটতির কারণে এ খাতের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত এ তহবিলের আকার ৫ হাজার কোটি টাকা। এটি আবর্তনশীল ভিত্তিতে পরিচালিত হবে এবং সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
