১১২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র অনুমোদন
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৫৬ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৮৬৬ টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১৭৭ কোটি ৪ লাখ ৫৩ হাজার ১১ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে যৌথভাবে ওয়াহিদ ও আহাদ, ঢাকা। এ প্রকল্পের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে তিনটি কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সিরাজগঞ্জ জেলায় ২২টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৪৫ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে যৌথভাবে ওয়াইসিএল ও ডব্লিউইএল। দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। পাবনা জেলায় ২২টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১৭৯ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২৮ টাকা ব্যয়ে কাজ করবে যৌথভাবে এসসিএল ও এমসিপিএল। এ প্রকল্পের জন্য সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও চারটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।
