‘এই বাজেটে শ্রমিকদের জন্য কিছু নেই’

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব হলেও তাতে শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে ‘কিছু নেই’ বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা মন্টু ঘোষ। তিনি বলেছেন, ‘বাজেট বড়, তার অনেক ভালো দিক আছে। আর খারাপ দিকটা হচ্ছে যে, এই বাজেটটাকে কার্যকরী করার ক্ষেত্রে সক্ষমতা আছে কি না। ‘সেই বিষয়ে তারা (সরকার) যত্নবান হবেন, এইটা বিশেষভাবে বলছি। আর এই বাজেটে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন নিয়ে কিছু নাই।’ গতকাল রোববার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট বিষয়ক এক আলোচনায় তিনি এ কথা বলেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু বলেন, ‘আমাদের দেশের কোটি কোটি শ্রমিক, যারা উৎপাদন করে বিদেশ থেকে টাকা আনার জন্য ব্যবস্থা করেন... ‘কিছুক্ষণ আগে আমার সম্মানিত বন্ধু আমার পাশেই বসে (তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতা) যেই সুন্দরভাবে এইটার, এই বাজেটের পক্ষে তার মন্তব্যগুলো করলেন, তার বিপরীত মন্তব্যগুলো করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো পথ নাই। কারণ শ্রমিকদের জন্য এখানে (বাজেটে) কোনো কিছু বলা হয় নাই।’ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকারী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেটকে ‘ফাঁপা’ বর্ণনা করে শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, ‘দীর্ঘদিন যাবত আমরা দাবি করে আসছি, এই শ্রমিকদেরকে রেশন দেওয়া হোক। বিশেষ করে গার্মেন্টস শিল্পে যেই পরিমাণ শ্রমিক এবং তারা যেভাবে দেশের জন্য উৎপাদন করে আয় করায়, সেই ক্ষেত্রে তাদের যে বেতন, মাত্র সাড়ে ১২ হাজার টাকা। ‘সেই বেতনে বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, জিনিসের দাম বাজারে; তার সঙ্গে তার জীবন চলা সম্ভব না। ফলে ওয়ার্কাররা ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা, ১৪ ঘণ্টা পরিশ্রম করে কোনোরকমে বেঁচে আছে। তাদেরকে যদি কোনো কারখানা ওভারটাইম না দেয়, তাহলে সেই কারখানায় সে চাকরি করতে চায় না।’