শ্রমিক অসন্তোষে বন্ধ গাজীপুরের এপেক্স স্পিনিং

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘সার্ভিস বেনিফিট’ দেওয়ার দাবিতে চলা আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী এ কোম্পানি নিট ফেব্রিক্স উৎপাদন করে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কারখানা বন্ধের বিষয়টি বিনিয়োগকারীদের জানায়। সেখানে বলা হয়, ২৩ জুন থেকে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে পরিচালক পর্ষদ। ‘আইন বহির্ভূতভাবে আর্থিক সুবিধা চেয়ে কারখানা প্রাঙ্গণে শ্রমিক অসন্তোষ হওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হল। কর্মকর্তা ও শ্রমিক উভয়ের জন্য এই নিদের্শনা প্রযোজ্য হবে।’ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড বলছে, কারখানা বন্ধ ঘোষণা করায় ৫ হাজার কর্মকর্তা ও শ্রমিক চাকরি হারাবেন। চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে সার্ভিস বেনিফিট হিসেবে ৭ মাসের মূল মজুরি এবং চাকরির বয়স ১০ বছর হলে ১৫ মাসের মূল মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন ওই কারখানার শ্রমিক-কর্মচারীদের একটি অংশ।