ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে শিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় সভা গতকাল প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ঢাকা শহরের কিছু এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার সুয়্যারেজ লাইন আছে এবং কিছু অংশে সেপটিক ট্যাংকের ব্যবস্থা আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেওয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে মাননীয় প্রশাসক গুলশান, বনানী, বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যরে অবৈধ নিষ্কাশন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়সাধন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম জোরদারের ব্যাপারে পরামর্শ দেন। বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন এবং সিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
