২৫ বছর পূর্তিতে ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অসামান্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই সম্মাননা প্রদান উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে কর্পোরেট পর্যায়ে এটিই প্রথম এ ধরনের কোনো স্বীকৃতিমূলক উদ্যোগ, যা ব্যাপক প্রশংসা লাভ করেছে। ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উদ্?যাপনের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্ট আদর্শের প্রতিফলন। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তাদের ধারাবাহিক উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সরাসরি তত্ত্বাবধানে গঠিত দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে একটি স্বাধীন জুরি প্যানেল এই ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক পরিধি, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের গভীরতা, জনকল্যাণে অবদান এবং জাতীয় উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদী ভূমিকার মতো বিষয়গুলোকে একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হয়েছে। গত রোববার ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি