৬ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৮ হাজার কোটি টাকা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৯ কোটি ৬০ লাখ (৬৯৬ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪৯১ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, দৈনিক গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। তবে টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স প্রবাহের পর জুন মাসে সেই ধারা ভেঙেছে। সদ্য সমাপ্ত জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার)। এটি মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার এবং গত বছরের জুনের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম। চলতি অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে।