সমাপনী অনুষ্ঠানে পর্দা নামল তিনদিন ব্যাপী বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জায়ান্ট গ্রুপ এবং এডুকেশন হাব এর সহযোগিতা এবং বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী এই উৎসবের পরিসমাপ্তি ঘটে গতকাল বৃহস্পতিবার। গত ৭ জুলাই এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা মীর সাব্বির এবং অন্যান্য চলচ্চিত্র পরিচালকরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী এই উৎসবের কার্যক্রম শেষ হয়। এই উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ এবং ‘দি ইউনিভার্সিটি অফ চানখারপুল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসব চলাকালে শিক্ষার্থীদের তৈরি ২৮টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয় এবং একটি জুরি বোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়। আজকের অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি