অসহায় বৃদ্ধার চিকিৎসায় মানবিকতার নজির গড়লেন আনসার সদস্যরা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নিঃসঙ্গ ও অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়ে অনন্য মানবিকতার নজির গড়ল বাংলাদেশ আনসার বাহিনীর অঙ্গীভূত আনসারের মানবিক সদস্যরা। গত মঙ্গলবার নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফরিদা বেগম নামে এক ভিক্ষুক বৃদ্ধা অজ্ঞাত পরিচয়ে ভর্তি হন। গুরুতর অসুস্থ ওই নারীর পাশে যখন কেউ ছিল না, তখন আশার আলো হয়ে এগিয়ে আসেন কর্তব্যরত আনসার সদস্যরা। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আনসারুল ইসলাম ও পিসি মো. আমিনুর ইসলাম সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন। তারা তাৎক্ষণিকভাবে ফরিদা বেগমের খোঁজখবর নেন এবং চিকিৎসকের পরামর্শে নিজস্ব উদ্যোগে এক্স-রে পরীক্ষা করান। পরীক্ষায় বৃদ্ধার পা ভাঙা ধরা পড়লে তাকে দ্রুত সার্জারি বিভাগে নিয়ে প্লাস্টারের ব্যবস্থা করা হয়। বর্তমানে চিকিৎসাধীন ওই বৃদ্ধার নিয়মিত চিকিৎসা, সেবা ও প্রয়োজনীয় দেখভালের দায়িত্ব পালন করছেন এই আনসার সদস্যরা। সরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তাদের এমন দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা কর্তব্যরত চিকিৎসক ও সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি