বিএসইসি চেয়ারম্যানের কাছে বিনিয়োগকারীদের ৬ দাবি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলসহ ছয় দফা দাবি জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছে চিঠি দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের (বিসিএমআইইউএ)। রোববার সংগঠনটির পক্ষ থেকে বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ে তাকে নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং চেয়ারম্যানের কাছে ছয় দফা জানিয়ে এ চিঠি হস্তান্তর করা হয়।
ছয় দফা দাবি সম্বলিত চিঠি বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি একিউএম সিদ্দিক উল্লাহ, সহ-সভাপতি জহিরুল আলম জামাল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
