২১ দিনে রেমিট্যান্স এসেছে ২.১০ বিলিয়ন ডলার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের জুলাই মাসের ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৬৯৬ বিলিয়ন মার্কিন ডলার। তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ৭৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।