টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে। এ জন্য সরকারের ব্যয় হবে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা। বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে কৃষির জন্য সার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, বিদ্যুৎ অবকাঠামো ও খাদ্যশস্য সংরক্ষণসহ মোট নয়টি ক্রয়প্রস্তাব সরকারি ক্রয় কমিটিকে অনুমোদিত হয়।

স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হচ্ছে মসুর ডাল। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৮০ টাকা ১৭ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ৮০ কোটি ১৭ লাখ টাকা। ৫ হাজার টন ডাল সরবরাহ করবে ঢাকার মদিনা ট্রেডিং করপোরেশন। বাকি ৫ হাজার টন সরবরাহ করবে খুলনার জয়তুন অটো রাইস ও ডাল মিলস লিমিটেড। চলতি অর্থবছরে টিসিবির ডাল কেনার লক্ষ্যমাত্রা ১ লাখ ৬২ হাজার ৫৭৬ টন। এর মধ্যে ইতিমধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯৪৭ টন কেনা হয়েছে। নতুন এ ক্রয়ের মাধ্যমে অবশিষ্ট চাহিদার একটি অংশ পূরণ হবে। এদিকে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহ করা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।