শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ প্রযুক্তি খাতের বিকাশের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবক ও নির্মাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের সমাপনী দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং রফতানিতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের তরুণরাই এ খাতের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। উদ্ভাবন, গবেষণা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে সরকার তরুণদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, বিইএআর সামিট প্রমাণ করেছে যে বাংলাদেশ একা নয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পখাতের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন। এ কারণে এটি শুধু একটি সম্মেলন নয়, বরং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার একটি আন্দোলনের সূচনা।