জমির দলিল পেলেন এক হাজার ফাউন্ডার
দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্প
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর এক হাজার ফাউন্ডারের হাতে সাফ কবলা জমির দলিল তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অংশীদারেরা প্রকল্পের জমি, সমন্বিত খামার ও রিসোর্টের আইনি মালিকানার পূর্ণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলেন বলে নিশ্চিত করেছে উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রকল্পটির প্রতিটি শেয়ারের প্রাতিষ্ঠানিক মূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন হলে আয়োজিত ‘ফাউন্ডারস নাইট ২০২৬’ অনুষ্ঠানে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব ও ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম উপস্থিত ফাউন্ডারদের হাতে রেজিস্ট্রি দলিল, প্রাতিষ্ঠানিক শেয়ার সনদ, চুক্তিপত্র এবং ‘সুখের খামার ফাউন্ডেশন’-এর আজীবন লাইফটাইম সদস্যপদ সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান সরকার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষিত তরুণ সমাজকে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্বজুড়ে সৃজনশীল অর্থনীতির বিকাশ ও পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও তরুণদের জন্য নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুখের খামারের মতো নতুন কমিউনিটিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ দেশে তরুণ উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব বলেন, আমাদের সম্মানিত ফাউন্ডাররা কেবল সাধারণ বিনিয়োগকারী নন, তারা এ প্রতিষ্ঠানের সমান অংশীদার ও মূল প্রতিষ্ঠাতা। তাদের অনন্য বিশ্বাস ও আস্থার সঠিক মর্যাদা রক্ষা করাই আমাদের প্রধান প্রাতিষ্ঠানিক অঙ্গীকার।
