ফ্রিল্যান্সারদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অনলাইনভিত্তিক সেবা রপ্তানিকারক ও ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ইন্টারনেটভিত্তিক সেবা রপ্তানির বিপরীতে আয় গ্রহণে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও জটিলতা কমবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেটের মাধ্যমে সেবা রপ্তানির ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের কোনো এক্সপোর্ট (এক্সপি) ফরম পূরণ করতে হবে না। ডিজিটাল নথি ও লেনদেনের প্রমাণের ভিত্তিতে সরাসরি বৈদেশিক আয় গ্রহণ ও হিসাবায়ন করা যাবে।

এ ছাড়া ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ফরমণ্ডসি পূরণের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। ফলে নির্দিষ্ট সীমার মধ্যে বৈদেশিক আয় সরাসরি ব্যাংক হিসাবে জমা করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারীর (ওপিজিএসপি) মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনা যাবে। এ ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ থাকবে। ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের বৈদেশিক আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানি থেকে পাওয়া আয়ের সর্বোচ্চ ৩০ শতাংশ এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। এ ছাড়া দ্বৈত মুদ্রার ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর মাধ্যমে ইআরকিউ হিসাবের আওতায় বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ থাকছে।