২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

২০২৫ সালে ইতিহাসের সর্বোচ্চ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংকটি। উল্লেখ্য, দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। ২০২৫ সালের প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ব্যাংকটি ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে। এ সময়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল এক মাসে প্রথমবারের মতো ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ট্রেড ভলিউম অর্জন, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকারই প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের এ সাফল্য ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। গত পাঁচ বছরে ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য লেনদেনের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ সময় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২২ সালে ৩.৬ বিলিয়ন, ২০২৩ সালে ৪.৩ বিলিয়ন, ২০২৪ সালে ৫.৬ বিলিয়ন এবং ২০২৫ সালে রেকর্ড ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
