নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বিশেষ ব্যাংকিং সুবিধা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর আওতায় বাংলাদেশি নাবিকদের পেশাগত ও আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ কিছু ব্যাংকিং সুবিধা চালু করেছে ব্যাংকটি। নাবিকরা তাদের পেশাগত প্রয়োজনে দীর্ঘ সময় সমুদ্রে বা দেশের বাইরে অবস্থান করেন। সুদূরে অবস্থানকালেও তাদের পরিবারের বিবিধ আর্থিক প্রয়োজন চালিয়ে যেতে হয়। এ কারণে তাদের জন্য সহজ, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে ব্যবহার উপযোগী ব্যাংকিং সেবা প্রয়োজন। নাবিকদের এ ধরণের বিশেষ প্রয়োজন পূরণেই স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের জন্য এ বিশেষায়িত ব্যাংকিং সেবা নিয়ে এসেছে।

এ উদ্যোগের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা প্রায়োরিটি ব্যাংকিং, ঋণে বিশেষ সুদহার, নির্বাচিত ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা পাবেন। এ ছাড়া নতুন ও বিদ্যমান যোগ্য গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অনবোর্ডিং সুবিধা। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নতুন গ্রাহকেরা ক্যাশব্যাকও পাবেন। সম্মিলিতভাবে এ সুবিধাগুলো নাবিকদের আর্থিক যাত্রার প্রতিটি পর্যায়ে ব্যাংকিংকে আরও সহজ ও সুবিধাজনক করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, লুৎফুল হাবিব বলেন, মানুষের প্রয়োজন বোঝার মধ্য দিয়েই অর্থবহ ব্যাংকিং সেবা শুরু হয়। নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকলেও তাদের পরিবারের আর্থিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।