৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৩ সালের আয়কর আইনের বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা ঘোষণা দিয়েছে। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্নের সাথে পরিশোধযোগ্য কর (আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ অনুযায়ী) এর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা বা কর ছাড় প্রাপ্ত হবেন। তবে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে আয়কর রিটার্নের সাথে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩(২) অনুসারে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, এ দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এ ছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩(২) অনুসারে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, এ দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এতে আরো বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা প্রদানের ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। পাশাপাশি কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে। ই-রিটার্ন সেবার বিষয়ে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড গত ২২ জুলাই ২০২৬ তারিখ থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে।